২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের পরিকল্পনা সফল হবে না: নোমান

নিজেদের অধীনে নির্বাচন করার আওয়ামী লীগের পরিকল্পনা সফল হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকালে নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অবরোধের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নোমান বলেন, “নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করতে চাইছে সেভাবেও কোন নির্বাচন আনুষ্ঠিত হবে না।

“চট্টগ্রামের হাছান মাহমুদসহ অনেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে গেছে। আর অন্যদের সাথে যারা আছেন তারাও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবে।”

আওয়ামী লীগ এক দলীয় নির্বাচনও করতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী নোমান।

জনগণ এ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “একটি দেশ চলে আইনের প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু বর্তমান বাংলাদেশ আইনের মাধ্যমে চলছে না।”

বর্তমানে দেশে ‘অসহোযোগ আন্দোলন’ হচ্ছে বলে মনে করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান নোমান।

সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “অনেক সংবাদপত্রে লিখা হচ্ছে আমরা এখানে এক ঘণ্টা বা আধা ঘণ্টা সমাবেশ করে চলে যাই।

“তাদের উদ্দেশ্যে বলছি আমরা আগেও অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আধা ঘণ্টার কথায়ও আন্দোলন সম্প্রসারিত হয় এবং হচ্ছে।”

নগর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পিপি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতারা।