২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের কোনো বিকল্প নেই: মাহবুব

দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শুক্রবার দুপুরে রাজধানীতে সংঘাতের রাজনীতি ও গণতন্ত্র বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, “সংলাপের বিকল্প একমাত্র সংলাপই হতে পারে। আর সংলাপ করতে হলে, আমাদের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতন ও গ্রেপ্তার করা বন্ধ করতে হবে।”

সরকারকেই সংলাপের পরিবেশ তৈরি করতে হবে জানিয়ে বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘ আপনারা কেন সংলাপে বসবেন না। আপনাদের বসতে ভয় কোথায়?  আমরা সবাইতো বাংলাদেশের নাগরিক।”

এসময় তিনি সংলাপের ক্ষেত্র তৈরি করতেও সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, “প্রহসন, সন্ত্রাস, ভূয়া নিবার্চন করবেন না। যদি করেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রহসনের নিবার্চনকে প্রতিহত করবে।

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে সবদল অংশগ্রহণ নিবে বলে তিনি মনে করেন।

একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়কে তিনি খুবই ‘লজ্জাকর’ বলে মন্তব্য করেন।

সাবেক এই সেনা প্রধান বলেন,‘ বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এখানকার অস্থিতিশীলতা এ অঞ্চলকে(এশিয়া) উদ্বিগ্ন করে তুলবে।’

তিনি আরো বলেন, ‘যে দেশ বিশ্ব শান্তি স্থাপন করেছে সে দেশে আজ সংঘাত। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আমার বিশ্বাস তারানকো সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পক্ষের মধ্যে সংলাপের বাণী নিয়েই আসছেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এর আয়োজন করেন।

সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন  বিএনপির চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিষ্টার হায়দার আলী, যুবদল কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি অ্যডভোকেট আবদুস সালাম আজাদ, প্রমূখ।