জামায়াতসঙ্গ না ছাড়লে সমঝোতা নয়: কামরুল
জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে ছেড়ে না দিলে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ফলপ্রসূ সমঝোতা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচনকালীন সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
ফাইল ছবি
শুক্রবার সকালে রাজধানীতে বিরোধী দলের ধংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
কামরুল বলেন, “যতই চেষ্টা করা হোক না কেন, জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিরোধীদলের সঙ্গে ফলপ্রসূ সমঝোতা সম্ভব নয়।”
‘তেলে-আর জলে মিশ খায় না’ উল্লেখ করে তিনি বলেন, “একাত্তরের শত্রু যারা তাদের সঙ্গে মিলমিশ হওয়া সম্ভব হবে না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কামরুল বলেন, “আপনি যদি মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে থাকেন, তাহলে একাত্তরের ঘাতক জঙ্গীবাদীদের সঙ্গ ত্যাগ করে আসুন।আমরা আপনাকে স্বাগত জানাবো।”
নির্বাচন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের নির্ধারিত সময়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনে কে এলো আর কে এলো না- তা বিষয় নয়। নির্বাচনে জনগণ কতটা অংশ নিল তাই গুরুত্বপূর্ণ।”
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগরের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি নাজিমুল হক নিজাম, কৃষক শ্রমিক জনতা লীগের নেত এম এ করিম ও সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
