২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় রেলে নাশকতার ঘটনায় মামলা

বিরোধী দলের অবরোধে গাইবান্ধার সাঘাটা উপজেলায় রেলপথে নাশকতার ঘটনায় মামলা করেছে রেলওয়ে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার রাতে বোনারপাড়া রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল হক নাশকতা ও হত্যার অভিযোগে মামলাটি করেন।

মামলায় ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

অবরোধকারীরা রেল লাইনের ফিসেপ্লেট খুলে ফেলায় মঙ্গলবার রাতে সাঘাটা উপজেলার ভুরঙ্গী এলাকায় লালমনিরহাট থেকে শান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের চারযাত্রী নিহত ও প্রায় অর্ধশত আহত হন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম রোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের শমসের উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের (৪৫) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

“দুইজনের লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। আরেকটি লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।”

এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এর আগে বুধবার ছয়সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ।