গাজীপুরে সংঘর্ষে আহত ৩০, বৃহস্পতিবার হরতাল
অবরোধের পঞ্চম দিনে গাজীপুর শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি ও এক পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে শহরের মীরেরবাজারে অবরোধের সমর্থনে মিছিল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা।
এতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও কনস্টেবল আজাদ পারভেজও রয়েছেন। পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনের শরীরে রাবার বুলেট লেগেছে বলে দাবি করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল আলম।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মীরেরবাজারে মিছিল বের করে। মিছিলকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও হাতবোমা ছুঁড়তে থাকে।
এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসআই হারিজ আরো জানান, অবরোধকারীদের ছোঁড়া হাতবোমার স্প্লিন্টারে জেলা পুলিশ লাইনের স্পেশাল আর্মড ফোর্সের কনস্টেবল আজাদ পারভেজ আহত হন।
ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ছয়জনকে।
বিএনপি নেতা মাজহারুল জানান, পুলিশের গুলিতে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, তার বড়ভাই পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাজীপুর পৌর ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মামুন ব্যাপারী, বাড়িয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাছিরুল হক খান, টঙ্গী সরকারি কলেজের জিএস জিয়াউল হাসান স্বপন, মোহাম্মদ আলী, হানিফ ও এক পথচারী বারার বুলেট বিদ্ধ হন।
এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
