আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে, দাবি আমুর
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে প্রতিদিনেই নাশকতা ও প্রাণহানির মধ্যে মন্ত্রী আমির হোসেন আমু দাবি করেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে।
আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এই দাবি করেন। এদিন প্রথম প্রহরে বিরোধী দলের অবরোধের মধ্যে গাইবান্ধায় রেললাইন উপড়ে ফেলায় চারজন নিহত হন।
টানা অবরোধে গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে, গাড়িতে আগুন দেয়ায় দগ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন অনেকে। রেলে নাশকতার পাশাপাশি সড়কে গাড়ি ভাংচুরও চলছে।
এর মধ্যেই নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের পর সচিবালয়ে প্রথম বৈঠকে বসে আইন-শৃঙ্খলা কমিটি, যাতে সভাপতিত্ব করেন সদ্য ভূমিমন্ত্রীর দায়িত্ব নেয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা আমু।
বিরোধী দলের অবরোধে জনগণের কোনো সাড়া নেই বলে দাবি করেন তিনি।
“গতকালও সারাদেশে দূরপাল্লার ২ হাজার যানবাহন চলাচল করেছে। তবে তথাকথিত কর্মসূচির নামে দুষ্কৃতকারীরা ওই সব বাহনে হামলা করতে পারে এই আশঙ্কায় কিছু স্থানে পুলিশ এসকর্ট দেয়া হয়েছে।”
জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে রেলে পুরোপুরি নিরাপত্তা দেয়া সম্ভব না হলেও সার্বিক পরিস্থিতি উন্নতি করছে, বলেন আমু।
ফাইল ছবি
বৈঠকে অংশ নেয়া শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীকে দক্ষতা ও সততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে বলা হয়েছে। যেভাবে আগে করেছেন, সামনেও এভাবে করবেন।
“সন্ত্রাসীদের টার্গেট ছিল ২ ডিসেম্বর, অথচ ওই দিন ১১শ’র ওপর নমিনেশন পেপার জমা দেয় হয়েছে নির্বাচন কার্যালয়ে, আন্দোলনকারীদের পরিকল্পনা ভেস্তে গেছে।”
এই বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও ছিলেন। এছাড়াও ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খোন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের বিশেষ শাখার প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও বৈঠকে অংশ নেন।
নৌপথে নজরদারি
অবরোধের মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে দাবি করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সম্ভাব্য নাশকতা রোধে নৌপথে নজরদারি চলছে।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, লঞ্চ ও ফেরি ডুবিয়ে দেয়ারও ‘নির্দেশ দেয়ার তথ্য’ সরকারের কাছে রয়েছে।
কী ধরনের তথ্য সরকারের কাছে রয়েছে এবং কী পদক্ষেপ নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন,“প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের কথা বলেছেন, এ ব্যাপারে নজরদারি রাখা হচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।”
কী ধরনের নজরদারি - জানতে চাইলে তিনি বলেন, “সব তথ্য তো প্রকাশ্য বলা যাবে না।”
গত ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা নদী বন্দর থেকে বিভিন্ন নৌপথে নৌযানের আগমন ও নির্গমনের তথ্য উপস্থাপন করে মন্ত্রী বলেন, এ সময় লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।
এ সময়ে ২৩৭টি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায় এবং ২০৬টি লঞ্চ ঢাকায় আসে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। তবে
স্বাভাবিকের তুলনায় এ সময় যাত্রীদের সংখ্যা কিছুটা কম ছিল বলে স্বীকার করেন মন্ত্রী।
ফেরিপারাপার ও সমুদ্র বন্দরে কন্টেইলার হ্যান্ডেলিং, শিপমেন্ট ও ডেলিভারিও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
নাশকতা ঠেকাতে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান শাজাহান খান।
