২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সিদ্ধান্ত যে কোনো সময় বদলাবে: সুরঞ্জিত

মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের আকস্মিক নির্বাচন বর্জনের ঘোষণায় ‘গুরুত্ব’ দেয়ার কিছু আছে বলে মনে করছেন না আওয়মী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনাসভায় এরশাদের ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে সুরঞ্জিত বলেন, “উনি তো ক্রিয়া করেই যাচ্ছেন। আমাদের উচিৎ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অপেক্ষা করা। উনার ক্রিয়া যে কতক্ষণ থাকে সেটাতো বোঝা যায় না।”

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন,  “আমি বলেছিলাম, সব দল নির্বাচনে না গেলে আমিও যাব না। আমি প্রতিশ্রুতি রক্ষা করছি। সব দল আসেনি, জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না।”

সাবেক সামরিক শাসক এরশাদের এ সিদ্ধান্ত যে কোনো সময় বদলে যেতে পারে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত ।

“তিনি সাময়িক ক্ষুব্ধ হতে পারেন, আবার স্বাভাবিক হয়ে যেতে পারেন।”

মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে ‘আমরা মুজিব হব’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তফসিল স্থগিতের যে আহ্বান জানিয়েছেন সে প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “আপনি আগে ঘোষণা দিন নির্বাচন করবেন, তাহলে নির্বাচন কমিশন তা বিবেচনা করতে পারে। তফসিল স্থগিত করার আগে বলতে হবে যে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।”

সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া নির্বাচন কমিশনকে তফসিল স্থগিত করার আহ্বান জানিয়ে বলেন, “কমিশনকে বলব, প্রহসনের একতরফা নির্বাচনের উদ্যোগ নিয়ে বিশেষ দলের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত না হয়ে ঘোষিত তফসিল স্থগিত করে দেশকে বাঁচান।”

খালেদা জিয়ার উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, “এখনও সময় আছে, নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবেদন করুন। তফসিল স্থগিত কেন করতে চেয়েছেন তার কারণতো ব্যাখা করতে হবে।”

খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে অংশ নেয়া থেকে ‘আটকে রেখেছেন’ বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।