বগুড়ায় যুবদল নেতা খুন
বগুড়ায় হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় তার বড়ভাই আহত হন।
সোমবার দুপুরে শহরের চক সুত্রাপুর এলাকায় এ হামলায় নিহত ইমরান (৩২) স্থানীয় কালু মিয়ার ছেলে।
জেলা যুবদলের সাবেক এই সদস্যকে যুবলীগ সমর্থকরা হত্যা করেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হলেও যুবলীগ তা অস্বীকার করেছে।
ইমরানের বড় ভাই আহত নিলুকে (৩৫) শহীদ জিয়াউর রহমান মোডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, নিলুর চক সুত্রাপুরের বাড়িতে অবস্থান করছিলেন ইমরান। দুপুরে ৬/৭ জন যুবক সেখানে গিয়ে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, এলাকার কর্তৃত্ব নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারের অভিযোগ, যুবদলকর্মী ইমরানকে যুবলীগের সমর্থকরা হত্যা করেছে।
এ ব্যাপারে জেলা সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, এ ঘটনায় যুবলীগ কোনোভাবেই জড়িত নয়।
