মাগুরায় নির্বাচন অফিসে বোমা হামলা, আহত ৫
মাগুরা জেলা নির্বাচন কার্যালয়ে বোমা হামলায় এক কর্মচারী ও পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন পুলিশের এএসআই হুমায়ুন কবীর, কনস্টেবল ইলাহি, তারিকুজ্জামান, মোস্তফা এবং নির্বাচন অফিসের এক কর্মচারী। তার নাম জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত এএসআই হুমায়ুন কবীর জানান, সন্ধ্যা ৭টার দিকে ৩০/৪০ জন যুবক হঠাৎ বোমা ছুড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে নির্বাচন অফিস ভাংচুর শুরু করে।
হামলাকারীরা অফিসের চারপাশ থেকে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা অফিসের দরজা-জানালা ভাংচুর করে।
এ সময় তা প্রতিহত করতে তারা ৮ রাউন্ড গুলিবর্ষণ করেন বলেও জানান তিনি।
হামলার পর পুলিশ সুপার জিহাদুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাকসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
