২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে আশরাফের আহ্বান

সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে আবারো আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার আওয়ামী লীগের মনোনীত ৩০০ প্রার্থীর নাম ঘোষণার আগে তিনি বলেন, “আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। আশা করি সব রাজনৈতেক দল নির্বাচনে অংশ নেবে, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরে যাবে।”

“সব দলকে আহ্বান জানাব নির্বাচনী প্রক্রিয়া শুরু করার জন্য।”

আওয়ামী লীগের মনোনীতদের তালিকা চূড়ান্ত করার আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মতামত নিয়েছেন বলেও জানান আশরাফ।

তিনি বলেন, “পর্যালোচনা করে যোগ্যতা যাচাই-বাছাই করা হয়েছে। প্রতি আসনে গড়ে নয় জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করা হল।”

আওয়ামী লীগকে ‘বিশাল’ রাজনৈতিক দল উল্লেখ করে আশরাফ বলেন, দলের লাখ লাখ নেতাকর্মী। যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন সবাই দলের কর্মী এবং মনোনয়ন পাওয়ার যোগ্য।

“অনেক ত্যাগী, দক্ষ, সৎ, নির্ভীক প্রার্থীদের মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। দুই হাজার ৬০০ জনের মধ্য থেকে ৩০০ জনের নাম চূড়ান্ত করা দূরহ কাজ।”

আওয়ামী লীগের সঙ্গে জোটে ১৪ দল রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সব কিছু মিলিয়ে এই তালিকা তৈরি করেছি। এই তালিকা আওয়ামী লীগের। সঙ্গে যুক্ত হবে ১৪ দলের তালিকা।”