সংলাপের নামে অপপ্রচার হচ্ছে: রিজভী
সরকারের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি ও সংলাপের নামে ভিত্তিহীন প্রচার চালানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের এই যুগ্ম মহাসচিব বলেন, “অজস্র নির্যাতনের শৃঙ্খল ভেঙেই এটি এখন চূড়ান্ত গতিলাভ করেছে।
“সরকার মিথ্যা বিবৃতি ও সংলাপের নামে অসত্য ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এই অপপ্রচারে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।”
রোববার বনানীর একটি বাসায় আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে সংলাপের খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।
এছাড়া মঙ্গলবার আশরাফকে ফখরুলের চিঠি দেয়ার খবরও প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। তবে ফখরুল উভয় ঘটনাই নাকচ করেছেন।
নয়া পল্টনে দলের অবরুদ্ধ কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির সর্বশেষ অবস্থা জানাতে বিকালে ওই সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “গণতন্ত্রের বদলে দেশে এখন চলছে ইচ্ছাতন্ত্র। আর এই ইচ্ছাতন্ত্রকে বাস্তবে রূপ দেয়ার জন্য নির্বাচন কমিশন অত্যন্ত আজ্ঞাবহ বরকন্দাজের ভূমিকা পালন করছে। এখানে সরকারের কাছে জনগণ, বিরোধী রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিক সমাজ কেউই বিবেচ্য নয়।”
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে বর্তমান নির্বাচন কমিশন দেশকে অস্থিতিশীল, সংঘাত ও অশান্তির দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, রাজনৈতিক সমঝোতার আগেই এই তফসিল ঘোষণার কারণে প্রতিরোধ ও প্রতিবাদের দাবানল জ্বলে উঠেছে।
অবরোধে হতাহতের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বগুড়ায় যুবদলের নেতা ইউসুফ হোসেন, সিরাজগঞ্জে ছাত্রদলের মাসুদ বিল্লাহ, চট্টগ্রামের কর্নেল হাটে যুবদল নেতা আবদুল হান্নান, সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল আজিজ ও সাতক্ষীরায় শামসুর রহমান- এই পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে ১২শ’ নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির দাবি, বুধবার সাড়ে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে চট্টগ্রামে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের বাসায় বুধবার পুলিশি তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
এছাড়া দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ অসংখ্য নেতা-কর্মীদের বিরুদ্ধে সাভার থানা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে গণমাধ্যমে কর্মীরা আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন রিজভী।
তিনি বলেন, “এই ককটেল বিস্ফোরণের ঘটনা সরকারের এজেন্টরা ঘটিয়েছে।”
