২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রথম দিনই মনোনয়নপত্র তুললেন বাদল

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই তা তুলেছেন চট্টগ্রামে জাসদের একমাত্র সংসদ সদস্য দলটির কার্যকরি সভাপতি মঈন উদ্দিন খান বাদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 09:55 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার তার পাশাপাশি জাতীয় পার্টির মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠও নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বাদল চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মহাজোট থেকে গতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো ওই আসনেই মনোনয়নপত্র তুলেছেন তিনি।

জাতীয় পার্টির নেতা সোলায়মান শেঠ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে মনোনয়নপত্র কিনেছেন।

৫ জানুয়ারি ভোটে দিন রেখে সোমবার দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমা দেয়া যাবে।

প্রথম দিনে মনোনয়নপত্র নেয়ার পর বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসার জন্য বিদেশে যাব। তাই একটু আগেই ফরম সংগ্রহ করেছি।”

সোলায়মান আলম শেঠ বলেন, তিনি চট্টগ্রাম-৯ আসনের পাশাপাশি খাগড়াছড়িতেও প্রার্থী হবেন।

এদিকে তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রামের দুই রির্টানিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও জেলা প্রশাসক আবদুল মান্নান।

চট্টগ্রামের সহকারী কমিশনার রাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়ন ফরম বিতরণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।