২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে এলেন, স্বীকারে লজ্জা কেন: বিএনপিকে নাসিম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করলেও তার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের বৈঠক হয়েছে দাবি করে এনিয়ে বিএনপির আচরণকে ‘নাটক’ বলেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

তিনি বলেছেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচনে অংশ না নেয়া। সেজন্য তারা ‘নাটক’ করছে।

সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে কথিত ওই সংলাপের বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

শনিবার রাতে সৈয়দ আশরাফ ও ফখরুলের মধ্যে বৈঠক হয় বলে খবর ছড়িয়ে পড়ে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা বৈঠকের কথা নিশ্চিত করলেও বিএনপি তা অস্বীকার করে।  

নাসিম বলেন, “যখন সংলাপ শুরু হয়েছে, গণমাধ্যমে প্রকাশ হয়েছে তখন তাদের (বিএনপি) একেক নেতা একেক কথা বলছেন। এত লজ্জা কেন? মির্জা ফখরুল কেন বলছেন, যে বসেন নাই। বসুন, স্বীকার করুন, সমাধানের পথে আসুন।”

“বিএনপি সময়ক্ষেপণ করে নির্বাচন থেকে সরে আসতে চায়। এটা তাদের সর্বশেষ নাটক। তারা দায় এড়াতে চায়।”

সংলাপের বিষয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিক কোনো বক্তব্য কেন দেয়নি- জানতে চাইলে নাসিম বলেন, “তারা ইনফরমালি বসেছিলেন। আমরা গোপন করিনি।”

ওই বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “যারা আলোচনা করেছেন, এটা তারা বলতে পারবেন।”

নির্বাচন কমিশনকে আগামী সংসদ নির্বাচনের তফসিল ‘দ্রুত’ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।  

আগামী নির্বাচনে ১৪ দল জোটগতভাবে অংশ নেবে বলেও জানান জোটের মুখপাত্র।

১৪ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিম। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আফ ম   বাহাউদ্দিন নাছিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।