টাঙ্গাইলে বিএনপি-জামায়াত ও পুলিশের সংঘর্ষ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল চলাকালে টাঙ্গাইলে পুলিশের সঙ্গে ১৮ দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
রোববার জেলা শহরের ক্লাব রোডে এ সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২৪ জন আহত হয়েছে।
পুলিশ বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১৮ দলের একটি মিছিল বের হয়ে শহরের ক্লাব রোডে পৌঁছলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ তাদের ধাওয়া, লাঠিপেটা করে। ১০-১২ রাউন্ড রাবার বুলেটও ছোড়ে।
এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। জোটের সমর্থকরা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে।
এতে ইটের আঘাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি এহসানুল হক খান শাহীন এবং এক এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হন।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম তোফা জানান, পৌর উদ্যান থেকে মিছিলটি ক্লাব রোড হয়ে ভিক্টোরিয়া রোডে উঠার সময় পুলিশ শান্তিপূর্ণ মিছিলের পেছন থেকে হামলা চালায়।
পুলিশের রাবার বুলেটে বিএনপি ও ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে তিনি অভিযাগ করেন।
