২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ‘জামায়াত নেতার’ লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে নিজেদের নেতা দাবি করেছে স্থানীয় জামায়াত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থীছিড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

“তবে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউয়নিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের (৪০)। তার ভাই লাশ সনাক্ত করেছেন।

গত তিন দিন ধরে আমিনুল নিখোঁজ ছিলেন বলেও আবু তাহের জানান।

বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে প্রায়ই নাশকতা ঘটছে।

সেখানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা বুধ ‍ও বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা।