২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় নির্দোষ দাবি নিজামীর

১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 01:14 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মামলার কার্যক্রম পরিচালিত হয়।

দুপুর সোয়া ১টার দিকে মামলার কার্যক্রমের শুরুতে মতিউর রহমান নিজামীকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুসারে এগজামিন (পরীক্ষা) করে রাষ্ট্রপক্ষ।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার করা দুটি মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়ে তিনি দোষী না নির্দোষ তা জানতে চান।

জবাবে নিজামী নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে জানান।

Image
১০ ট্রাক অস্ত্র: সাক্ষ্য দিলেন সার্জেন্ট হেলাল

১০ ট্রাক অস্ত্র: সাক্ষ্য দিলেন সার্জেন্ট হেলাল

 

আদালত সাফাই সাক্ষীর তালিকা দিতে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়ে বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

অভিযোগে পিপি কামাল বলেন, মামলার ৩৫ নম্বর সাক্ষী সাবেক শিল্প সচিব ড. শোয়েব আহাম্মদ এবং ৩৬ নম্বর সাক্ষী বিসিআইসির সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ইমামুজ্জামান এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

“সাক্ষ্যে তারা বলেছেন, সিইউএফএল জেটিঘাট আপনার নিয়ন্ত্রণাধীন থাকা স্বত্ত্বেও মামলার জব্দকৃত বিপুল অস্ত্র ও গোলাবারুদ আনা এবং উদ্ধারের বিষয়ে আপনাকে অবহিত করলেও আপনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তদন্তেরও ব্যবস্থা করেননি।”

পিপি কামাল আরো বলেন, উপরন্তু তৎকালীন ভারপ্রাপ্ত শিল্প সচিব ও পলাতক আসামি নুরুল আমিন ঘটনার দিন অস্ত্র ও গোলাবারুদ খালাসের বিষয়টি তদারকির জন্য সিইউএফএল রেস্ট হাউজে অবস্থান করেন।

“আসামি হাফিজুর রহমান ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বলেন যে, আপনার (নিজামী) নিয়ন্ত্রিত সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র ও গোলাবারুদ খালাসের যে ব্যবস্থা করা হয় তা আপনি অবহিত ছিলেন।”

এসময় আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান পিপির বক্তব্যের প্রতিবাদ জানান।

মাহমুদুর রহমান বলেন, হাফিজুর রহমান ১৬৪ ধারার জবানবন্দিতে নিজামীর নাম উল্লেখ করেননি। নিজামী রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পিপির বক্তব্যে হাফিজুর রহমান আতঙ্কে ভুগছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি হওয়ায় নিজামীকে গত কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

মঙ্গলবার নিজামীকে পরীক্ষা করার মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তার ও জামিনে থাকা সব আসামিকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করা শেষ হয়েছে।

২০০৪ সালের ১এপ্রিল মধ্যরাতে সিইউএফএলের জেটিঘাটে ১০ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ নতুন আরো ১১ জনকে আসামি করা হয়।