বিএনপিকে জয়ের নিশ্চয়তা দেয়া সম্ভব নয়: হাছান মাহমুদ
বিএনপি নির্বাচনের আগেই জয়ের নিশ্চয়তা চাইছে মন্তব্য করে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কারো পক্ষেই তাদের সে নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে। এখন তারা জাতীয় নির্বাচনেও জয়ের গ্যারান্টি চায়, যা মহাজোট সরকার কিংবা কূটনীতিকদের পক্ষে দেয়া সম্ভব নয়।”
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন।
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপি না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “১৮ দলীয় জোট থেকে কয়েকটি দল সর্বদলীয় সরকারে যোগ দিলে তাতে অবাক হওয়ার কিছু নেই।”
হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছেন। হরতালের নামে নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধেও তাদের অবস্থান তুলে ধরেছেন।
