বিএনপির সুযোগ এখনো রয়েছে: সুরঞ্জিত
বেশ কয়েকজন শপথ নিয়ে নিলেও নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে বিএনপির যোগ দেয়ার সুযোগ এখনো রয়েছে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির আট নেতার মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ঘণ্টা খানেক আগে এক আলোচনা সভায় একথা জানান শেখ হাসিনার মন্ত্রিসভা এই সদস্য।
সুরঞ্জিত বলেন, “বিএনপির নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার সুযোগ রয়েছে।”
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যের এই বক্তব্যের সময় মন্ত্রীরা শপথ না নিলেও বঙ্গভবনে অনুষ্ঠান চূড়ান্ত ছিল।
নির্বাচনকালীন এই সরকারে যোগ দিতে বিএনপিকে বিভিন্নভাবে আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। ‘সর্বদলীয়’ সরকার গঠনের এই উদ্যোগকে ‘তামাশা’ আখ্যায়িত করেছে নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধী দলের সমালোচনার জবাবে সুরঞ্জিত বলেন, “এটি কারো কাছে ‘তামাশা’, আর কারো কাছে ‘ভরসা’। তবে যে যাই বলুক না কেন, যত সময় পার হবে, এতে তত বেশি রাজনৈতিক দল যোগ দেবে।”
আওয়ামী লীগ একতরফা নির্বাচনের ‘ষড়যন্ত্র’ করছে অভিযোগ করে সে ধরনের নির্বাচন বয়কটের পাশাপাশি তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছে বিএনপি।
সুরঞ্জিত বলেন, “বিএনপি নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না।”
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ওই আলোচনা সভায় সুরঞ্জিত ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, হুমায়ূন কবির মিজি প্রমুখ।
