২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া উদ্দিন বাবলু প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 07:02 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সোমবার শেষ বেলায় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে  এই উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জিয়া উদ্দিন বাবলু মন্ত্রীর পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।  

এর ঘণ্টা দুই আগে বঙ্গভবনে ‘সর্বদলীয় সরকারের’ মন্ত্রী হিসাবে শপথ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

এছাড়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম শপথ নেন প্রতিমন্ত্রী হিসাবে।

এই শপথ অনুষ্ঠানে জিয়া উদ্দিন বাবলুও উপস্থিত ছিলেন। তার মন্ত্রী হিসাবে শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আসে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জিয়া উদ্দিন বাবলু নির্বাচিত সাংসদ না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানেই তাকে নিজের উপদেষ্টা করার সিদ্ধান্ত জানান। 

ছাত্রজীবনে বাসদ ছাত্রলীগের নেতা বাবলু এরশাদ সরকারের আমলে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ছিলেন চট্টগ্রামের সাংসদ। 

বর্তমানে এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, সৈয়দ মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, তৌফিক-ই-ইলাহী চৌধুরী,গওহার রিজভী ও তারেক আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

সর্বদলীয় সরকারেও তারা থাকবেন কি-না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।