২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ‘পরিবেশ’ তৈরিতে মন্ত্রিত্ব গ্রহণ তোফায়েল-মেননের

এক বছর আগে মন্ত্রী হওয়ার সুযোগ ঠেলে দেয়া তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করতে এবার সরকারে যোগ দিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:06 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

ছয় মন্ত্রী, দুই প্রতিমন্ত্রীর শপথ

সোমবার নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন ষাটের দশকের ছাত্র আন্দোলনের এই দুই পুরোধা, যে সরকার আগামী নির্বাচনের সময় দেশ পরিচালনার দায়িত্বে থাকবে।

২০১২ সালে আমন্ত্রণ পেলেও তা গ্রহণ করেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল। জরুরি অবস্থার সময় ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিতি পাওয়া এই নেতাকে শুরুতে সরকারে রাখেননি শেখ হাসিনা।

আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন দলীয় সিদ্ধান্তের কারণে মন্ত্রিসভায় তখন যোগ দেননি।

নির্দলীয় সরকারের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বয়কটের হুমকির মধ্যে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নিলেন তোফায়েল ও মেনন।

এক বছর আগে প্রত্যাখ্যানের পর এবার দায়িত্ব নেয়ার কারণ ব্যাখ্যা করে দুজনই বলেন, তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন।

তোফায়েল বঙ্গভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “তখনকার পরিস্থিতি ও এখনকার পরিস্থিতি ভিন্ন। তখন আমাকে শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই থাকতে হত।”

‘সর্বদলীয়’ সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করা ও নির্বাচন কমিশনকে সহায়তা করা, উল্লেখ করে প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “সেই কাজের জন্যই এবার মন্ত্রিসভায় এসেছি।”

বিএনপি প্রত্যাখ্যান করলেও ‘সর্বদলীয়’ সরকারে তাদের যোগ দেয়ার সময় এখনো রয়েছে বলে জানান তোফায়েল।

“এখনো সময় আছে। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে রেখেছেন। বিরোধী দল যদি আসে তাহলে দেশের স্থিতিশীলতা বজায় থাকবে।”

মেনন বলেন, “দুটো পরিস্থিতি ভিন্ন ছিল। এবার নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই।”

বিরোধী দল বিএনপিকে আহ্বান জানানো হবে জানিয়ে বিদ্যমান পরিস্থিতিতে সরকার সফল হবে বলে মনে করেন মেনন।

“এ সরকার সফল না হওয়ার প্রশ্নই আসে না। আমরা সফল হব না কেন?” সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছোড়েন তিনি।