সঙ্কট উত্তরণই চ্যালেঞ্জ: আনিস
চলমান সঙ্কট অতিক্রম করে সংসদ নির্বাচন অনুষ্ঠানই চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচনকালীন সরকারে মন্ত্রীর দায়িত্ব নেয়া আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বঙ্গভবনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য।
নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিরোধী দলের নির্বাচন বয়কটের হুমকিতে চলমান সময়কে ‘কঠিন’ বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী আনিসুল।
“সময়টা খুব কঠিন। একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। এটা অতিক্রম করাই আমাদের চ্যালেঞ্জ।”
জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাবেন বলেও জানান নির্বাচনকালীন সরকারের এই মন্ত্রী।
তিনি বলেন, এ সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে সহায়তা করা।
“জানুয়ারির প্রথমার্ধে আমরা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।”
নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর আর ‘দরকার নেই’ বলে মনে করেন আনিস।
“বিএনপিকে আমরা পাবলিকলি আমন্ত্রণ করেছি। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর বিষয় আর নেই।”
