কাপাসিয়ায় রোববার হরতাল বিএনপির
গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার বিকালে উপজেলার তরগাঁও হাসপাতাল মোড়ে দুদলের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম জানান, ছাত্রলীগকর্মীদের লাঠির আঘাতে তিনি, জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা ও সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আজিজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
এ ঘটনার পর ওই সড়কে বেশকিছু গাড়ি ভাংচুর করে বিএনপিকর্মীরা।
পরে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান রোববার কাপাসিয়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ বলেন, বিএনপিকর্মীরা তাদের একটি মিছিলে আগে হামলা চালালে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ করেন।
কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
