জামিনে বেরোনোর পর জেলগেট থেকে ২ শিবিরকর্মী আটক
চট্টগ্রামে অস্ত্র মামলায় জামিনে কারাগার থেকে বেরোনোর পর কারাফটক থেকেই তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- শিবির কর্মী সরোয়ার হোসেন ও নুরুন্নবী ম্যাক্সন। এরা পলাতক শিবির ‘ক্যাডার’ সাজ্জাদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সৈয়দ ছগীর মিয়া জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার বেলা ১টার দিকে তাদের দুজনকে ছাড়া হয়।
এরপর কারাফটক থেকেই তাদের আবার আটক করা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে নগর গোয়েন্দা পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বর্তমানে দুইজনই গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
২০১১ সালের ১১ জুলাই বায়েজিদ এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল ও একটি নাইন এমএম পিস্তলসহ শিবিরের এই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।
