চট্টগ্রামে হরতাল প্রত্যাহার
যুবদলের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ডাকা রোববারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা হরতাল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।”
হরতালে নাশকতার অভিযোগে গত বুধবার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ওই দিনই এক সমাবেশ থেকে তার মুক্তি দাবিতে চট্টগ্রাম নগরীতে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি।
এদিকে হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইউনিটের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনে প্রশাসন।
ভর্তি কমিটির সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল প্রত্যাহার হলেও পরীক্ষা হবে না। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়া হবে।
