২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে আ. লীগের ২৯৩টি মনোনয়ন ফরম বিক্রি

চতুর্থ দিন দেশের সাতটি বিভাগে আওয়ামী লীগের ২৯৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এদিন ৪৮৫ টি মনোনয়ন ফরম জমাও পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 01:23 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। তবে আগামী ১৫ নভেম্বর  আশুরা উপলক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম বন্ধ থাকবে।

প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয় ৬৭৮টি, দ্বিতীয় দিন ৪৭৬ টি, তৃতীয় দিন ৩২২টি এবং চতুর্থদিন বুধবার ২৯৩ টি। চার দিনে মোট ১ হাজার ৭৬৯ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা নিজে বা তাদের পক্ষে অন্য কেউ।

মনোনয়ন ফরম সংগ্রহের সুবিধার্থে সাত বিভাগের জন্য আলাদা আলাদা করে সাতটি বুথ করা তৈরি করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। একই জায়গায় পূরণ করা মনোনয়নপত্র জমাও নেয়া হচ্ছে।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, বুধবার সাত বিভাগের মধ্য সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মোট ৯৭টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা সংগ্রহ করেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৬২টি, খুলনা বিভাগে ২৮টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী বিভাগে ৩৫টি, বরিশাল বিভাগে ৩২টি ও সিলেট বিভাগে ৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সেগুফতা ইয়াসমিন এমিলি, চিফ হুইপ আ স ম ফিরোজ, আসলামুল হক আসলাম এদিন মনোনয়ন পত্র কেনেন।