ওরা খুন করে-পুড়িয়ে মারে: শেখ হাসিনা
হরতালে নিহতের জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে তাদের প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একদিনের বাগেরহাট সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর বুধবার বিকালে জেলা শহরের খান জাহান আলী কলেজ মাঠে জনসভায় এই আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
এর আগে মংলায় একটি আধুনিক খাদ্য গুদাম (সাইলো) উদ্বোধনের পর রামপালে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের কোনো ক্ষতি করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তারা হরতালের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষ খুন করে। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে।
“এই কয়েক দিনে তারা অন্তত ৩০ জনকে হত্যা করেছে। তারা কি মানুষের জাত? তারা কী রাজনীতি করবে?”
বিএনপি-জামায়াত জোটের শাসনামলের কথা তুলে ধরে তিনি বলেন,“তিনি (খালেদা জিয়া) যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি পাঁচশ’ জায়গায় বোমা ফাটিয়েছেন। আমাকে হত্যা করতে চেয়েছেন।
“২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার তদন্তে তার একজন কেবিনেট মন্ত্রী ও তার বড় ছেলের নাম উঠে এসেছে। চারদলীয় জোট সরকারের সময়ে ২২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে।”
“বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করে লাভ হবে না। আমরা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করেছি। অন্য সব মামলারও বিচার করব এবং আদালতের রায় কার্যকর করব।”
পরীক্ষার সময় বিরোধী দলের হরতাল ডাকার সমালোচনাও করেন শেখ হাসিনা।
বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “যদি নৌকায় ভোট পাই, আগামীতে সরকার গঠন করি, তবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেব।”
বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ।
শহরে জনসভার আগে মংলা, রামপালে দুটি জনসভা ও সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। মংলায় একটি, রামপালে ১২টি এবং বাগেরহাটে দুটি বেসরকারি উন্নয়ন প্রকল্পসহ মোট ১৮টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিস্থাপন করেন তিনি।
বেলা ১২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাগেরহাটের মংলায় নামেন এবং জয়মনির ঘোল গ্রামে সাইলো নির্মাণ কাজ উদ্বোধন করেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্যে দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর এই এলাকা আলোকিত হবে, মানুষের কর্মসংস্থান হবে।”
এই বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের মঙ্গল চান না।”
রামপাল থেকে বাগেরহাট শহরে আসেন প্রধানমন্ত্রী। এখানে ডাক বাংলোয় বিশ্রাম ও নামাজের পর বিকালে জনসভাস্থলে যান তিনি। সেখানে বেসরকারি দুটি উন্নয়ন প্রকল্পসহ মোট ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন তিনি।
