২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিক্ষিপ্ত বোমাবাজি, আটক ২

বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিনে নারায়ণগঞ্জে বিক্ষিপ্তভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

আড়াইহাজারে বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। রূপগঞ্জ ও ফতুল্লায় পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।    

আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘানগর এলাকায় মদনগঞ্জ-নরসিংদী সড়কে ১৫ থেকে ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এ সময় সড়কে অগ্নিসংযোগ করে তারা। পরে পুলিশ পৌঁছালে পালিয়ে যায় তারা।

ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হারুন (২৫) ও বাবুলকে (২৪) আটক করা হয়।

একই উপজেলার বাঘবাড়ি এলাকায় সকালের দিকে যুবদলের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। 

এর আগে সকাল ৭টার দিকে রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলকারীরা সেখানে যানবাহন ভাংচুরের চেষ্টা চালালে  পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের লাঠিপেটায় পাঁচ কর্মী আহত হন বলে অভিযোগ করেন যুবদল নেতারা।  

এদিকে সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকায় যুবদল নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন দেয়ার পাশিাপাশি বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তাদের ছত্রভঙ্গ করতে  কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় যুবদলের পাঁচ কর্মী আহত হন বলে সংগঠনের নেতারা জানান।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, হরতালকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।