কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই মামলা
সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রধান আসামি করে দুটি মামলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন আহমদ জানান, নিহত দুই জনের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মামলা দুটি দায়ের করা হয়। দুই মামলাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় আফতাবের সমর্থকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলীর সমর্থকদের সংঘর্ষ বাঁধলে হরমুজ আলী (৬০) ও রুহুল আমিন (৩০) নামে দুজন নিহত হন। তারা দুজনেই আলীর সমর্থক ছিলেন।
ওসি জানান, নিহত রুহুলের বড় ভাই নূর আহমদ যে মামলাটি করেছেন তাতে আফতাব আলী, এলাইছ মিয়াসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত ৪৫ জনকে আসামি করা হয়েছে।
অন্য মামলাটি করেছেন নিহত হরমুজের ভাতিজা আব্দুল আলী। আফতাবসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এ মামলার আসামির তালিকায়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রজাক আলী (৭০), আনা মিয়া (৩০) ও খছা মিয়া (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদেরও দুই মামলায় আসামি দেখানো হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি জানান।
তিনি বলেন, “বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানান, আফতাব আলী ও আব্দুল আলী পরস্পরের আত্মীয়। এক সময় তাদের মধ্যে সখ্য থাকলেও ‘ভোলাগঞ্জ পাথর কোয়ারির’ নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সোমবারের সংঘর্ষে নিহতদের মধ্যে একজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অন্যজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত ২০ জন।
নিহত আমিন ছিলেন সম্পর্কে আব্দুল আলীর ভাতিজা, অন্যজন ছিলেন তার সহযোগী।
