মুন্সীগঞ্জে যুবলীগ নেতাকে গুলিতে হত্যা
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা বিএনপির বলে দাবি করেছে আওয়ামী লীগ।
নিহত সাদেক হোসেন শেখ (৪০)পঞ্চসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি পশ্চিম রতনপুর গ্রামের আলী সিদ্দিক শেখের ছেলে।
সাদেক মঙ্গলবার রাতে রতনপুরে হামলার শিকার হন বলে সদর থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, “রাত ৮টার দিকে রতনপুরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাদেকের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশের সন্দেহ, জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবুজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনরাত ১০টায় বলেন, “সম্ভবত হত্যাকাণ্ডটি ঘটেছে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে।”
একই এলাকার বাসিন্দা নূর হোসেন, টিটু, আনার ও সবুজের সঙ্গে সাদেকের বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।
এক চোরকে মারপিট করার একটি মামলায় আসামি হিসাবে সাদেক মঙ্গলবার আদালতে হাজিরা দেন। ওই মামলাটিও শত্রুতাবশত করা হয়েছিল বলে পুলিশ জানায়।
এদিকে সাদেককে হত্যার জন্য বিএনপিকে দায়ী করে পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হোসেন নেতৃত্বে শহরে মিছিল হয়েছে।
এই হত্যাকাণ্ড নিয়ে রতনপুরে উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
