সমাধান প্রধানমন্ত্রীর পদত্যাগে: ফখরুল
নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠন নয়, চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধানে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বদলীয় সরকার গঠনে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার ঘটনা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে আমরা মনে করি। এরকম কার্যক্রম সঙ্কটকে আরো ঘনীভূত করেছে।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এতে সঙ্কটের সমাধান আসবে না। সমাধান চাইলে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। এতে সংলাপের বন্ধ পথ উন্মুক্ত হবে বলে আমরা মনে করি।”
বিরোধী দলের বিরোধিতার মধ্যে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার পর এটাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রথম প্রতিক্রিয়া।
গত শুক্রবার নির্দলীয় সরকারের দাবিতে টানা তিন দিনের হরতাল কর্মসূচির ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফখরুল।
তার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচজন নেতা আটকের পর তার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি।
বিএনপি নেতারা জানিয়েছেন, জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে দলীয় প্রধানের নির্দেশে ফখরুল ‘নিরাপদ স্থান’ থেকে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছেন।
পাঁচ নেতাকে গ্রেপ্তারের পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবস্থানরত বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিরোধী দলের সব নেতা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।
দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিলুপ্ত করাকে দায়ী করেন বিএনপির মুখপাত্র।
“এই সঙ্কট তারা (সরকার) পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে যে ছেলেমানুষি নাটক করেছে, তাতে চলমান সঙ্কট আরো জটিলতর হয়েছে। দেশের মানুষ বুঝে গেছে, তারা সঙ্কট সমাধান না করে নানা রকম কৌশলের পথ বেছে নিয়েছে।”
ফাইল ছবি
“আমরা আশা করি, সরকার সরল ও সোজা পথে ফিরে আসবে। সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবে।”
সংলাপের পরিবেশ তৈরিতে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিরোধীদলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তিও দাবি করেন তিনি।
বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। নইলে নির্দলীয় সরকারের দাবির ফয়সালা রাজপথে গণঅভ্যুত্থানে হবে, হুঁশিয়ারি দেন তিনি।
