২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করা উচিত খালেদার: নাসিম

মন্ত্রীদের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপির বক্তব্যের জবাবে খালেদা জিয়াকে সংসদের বিরোধীদলীয় নেতার পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:39 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

তিনি বলেছেন, “বিরোধীদলীয় নেতা সংসদের সব সুযোগ-সুবিধা নিয়েছেন, কিন্তু সংসদে গেছেন মাত্র কয়েকদিন। সংসদ অবজ্ঞার দায়ে তার পদত্যাগ করা উচিত।”

মঙ্গলবার ১৪ দলের সঙ্গে বাংলাদেশ তরীকত ফেডারেশনের সঙ্গে ১৪ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

বিরোধীদলের আপত্তির মধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া হিসেবে সোমবার মন্ত্রিপরিষদের সদস্যদের কাছ থেকে পদত্যাগপত্র জমা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চলমান সঙ্কট নিরসনের একমাত্র পথ নির্বাচনকালীন সময়ের জন্য একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা। এখন গোটা জাতি উম্মুখ হয়ে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য।”

নাসিম বলেন, “তিনি কেন পদত্যাগ করবেন? উনি নির্বাচিত প্রধানমন্ত্রী। যিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন, তার পদত্যাগের প্রশ্নই ওঠে না।”

হরতালে হতাহতের জন্যও বিরোধীদলীয় নেতাকে দায়ী করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।

সংলাপের বিষয়ে তিনি বলেন, “আমরা চাই সংলাপ হোক, কিন্তু প্রধানমন্ত্রীর মর্যাদার প্রশ্নে আওয়ামী লীগ ও ১৪ কোনো আপস করবে না।”

‘নির্বাচন করবে তরীকত ফেডারেশন’

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের অধীনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ‘নিজ অবস্থান’ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।

১৪ দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

এর  আগে সোমবার ১৪ দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরে প্রথম দল হিসেবে তারা এ ঘোষণা দেয়।

আওয়ামী লীগের এক সময়কার সংসদ সদস্য নজিবুল বশর সাংবাদিকদের বলেন, “আমরা জামায়াত-শিবির-হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে আন্দোলন করছি। আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে আমরা অংশ নেব।”

তরীকত ফেডারেশনকে ‘অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ দল অভিহিত করে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “নিজেদের অবস্থান থেকে তারা নির্বাচনে অংশ নেবে। একই সঙ্গে বিএনপি-জামায়াত-হেফাজতের চক্রান্ত ও নৈরাজ্য রুখতে ১৪ দলের সঙ্গেও মাঠে থাকবে তারা।”

তরীকত ফোডারেশনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি হাই কোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে। এর ফলে বিএনপির জোট শরিক দলটির নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ১৪ দল এবং তরীকত ফেডারেশনের বৈঠক হয়।

বৈঠকে ১৪ দল নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, আহম্মদ হোসেন, গণতন্ত্রী পার্টির শহীদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

চেয়ারম্যান নজিবুল বশরের সঙ্গে তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন।

পুরনো খবর:

জাতি প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায়: বিএনপি