বন্দর নগরীতে রাতে ২ বাসে আগুন
বিরোধী জোটের ডাকা দ্বিতীয় দিনের হরতালের রাতে চট্টগ্রাম নগরীর বন্দর ও ওয়াসা মোড়ের কাছে দুটি বাসে আগুন দেয়া হয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে বন্দর থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয় বলে বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে কোনো যাত্রী ছিল না। আগুন দেয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভায়।
ওয়াসার মোড়ে রাত ৮টার দিকে একটি মিনিবাসে আগুন দেয়া হয়।
খুলশী থানার এসআই শাহ আলম বলেন, আগুন ধরানোর সঙ্গে সঙ্গে এর ভেতরে থাকা যাত্রীরা তা দ্রুত নিভিয়ে ফেলে। ফলে কেউ হতাহত হয়নি।
