ময়মনসিংহে গাড়ি পোড়ানোর মামলায় আসামি একশ’
ময়মনসিংহে মাইক্রোবাসে অাগুন দিয়ে চালককে দগ্ধ করা এবং ট্রাকে আগুন দেয়ার ঘটনায় বিএনপির চার নেতাসহ একশ’ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করেন ট্রাকের মালিক আব্দুল মালেক ও মাইক্রোবাসের মালিক লিপু মিয়া।
হরতালের আগের শনিবার রাতে জেলা শহরে একটি মাইক্রোবাসে আগুন দিলে চালক হারুন গুরুতর আহত হন।
এছাড়া শহরের চামড়া গুদাম এলাকায় একই রাতে একটি ট্রাক ভাংচুর করার পর আগুন দেয় পিকেটাররা।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টটুল ও সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল।
এছাড়া অজ্ঞাত পরিচয় রয়েছে একশ’ জন।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার সাংবাদিকদের জানান, এদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ছাড়াও হারুনুর রশীদ নামের এক মাইক্রোবাস চালককে অগ্নিদগ্ধ করার অভিযোগও আনা হয়েছে এই দুই মামলায়।
এ দুই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
হরতালের আগের রাতে অগ্নিদগ্ধ মাইক্রোবাস চালক হারুনুর রশীদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
