২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সংঘর্ষে চট্টগ্রামে আসামি ৫০০

বিরোধী জোটের টানা চারদিনে হরতালের প্রথম দিনে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানায় দায়ের করা মামলাগুলোতে প্রায় ৫০০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পাহাড়তলী থানার এসআই ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারের সংঘর্ষের ঘটনায় পাহাড়তলী থানার এসআই আবু সালেহ ও এসআই আবু জাফর বাদি হয়ে বিস্ফোরক ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ওই দুই মামলা করেন।

এসআই ফজলুল বলেন, মামলায় বিএনপি-জামায়াতের অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে দুজন গ্রেপ্তার রয়েছে।

এদিকে নগরীর একে খান গেইট এলাকায় সংঘর্ষের ঘটনায় আকবর শাহ থানায় এস আই শাহজালাল চৌধুরী বাদি হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা, বিস্ফোরক, অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে একটি মামলা করেন।

আকবর শাহ থানার এসআই মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

হরতালের প্রথমদিন রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কর্ণেল হাট, অলংকার ও একে খান গেইট এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়।

এতে সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে।