২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোগাক্রান্ত নেতাদের গ্রেপ্তারে শেষ রক্ষা হবে না’

দলের ‘বয়স্ক’ ও ‘রোগাক্রান্ত’ নেতাদের গ্রেপ্তারের কথা তুলে ধরে চট্টগ্রামে এক সমাবেশে নেতাকর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

চার দিনের হরতাল সফল করতে এবং গ্রেপ্তার বিএনপি নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নুর মোহাম্মদ সড়কে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তবে এতে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কাউকে দেখা যায়নি।

শুক্রবার তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আওয়ামী লীগের উদ্দেশে বলেন, “আপনারা এখন আইসিইউতে আছেন। কোরামিন দিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। বয়স্ক ও রোগাক্রান্ত নেতাদের জেলে নিয়ে, নির্যাতন করে, বাসায় তল্লাশি চালিয়ে শেষ রক্ষা হবে না।

“আমরা রক্ত দিতে, জেলে যেতে প্রস্তুত আছি। মামলা-হামলার ভয় আমরা পাই না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

দলের চেয়ারপারসনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সারাদেশে দাউ দাউ করে আগুন জ্বলবে বলেও হুমকি দেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতা কর্মীদের বেশিরভাগই ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। সমাবেশের পর মিছিল করার কথা থাকলেও সমাবেশ শেষে উপস্থিত নেতারা কর্মীদের মিছিল না করেই ফিরে যাওয়ার নির্দেশ দেন।

জামায়াতে ইসলামীর নগর শাখার আমীর আনম শামসুল ইসলাম বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে করা আন্দোলনে বর্তমান অবৈধ সরকার দিশেহারা হয়ে পড়েছে।

“যদি ৮৪ ঘণ্টার আন্দোলনে সরকারের মাথা ঠিক না হয় তাহলে অসহযোগ আন্দোলন দিতে বাধ্য হব।”

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, আনোয়ার হোসেন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, আবুল হাশেম বক্কর, কাজী বেলাল ও আহমেদুল আলম রাসেল প্রমুখ।