বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ প্রবাসেও
দেশে মওদুদ আহমদসহ শীর্ষনেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা-কর্মীরা।
শুক্রবার রাতে এই গ্রেপ্তারের খবর পাওয়ার পরপরই নিউ ইয়র্কে মানববন্ধন এবং বিক্ষোভ-সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে বিরোধীদলীয় নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
নির্দলীয় সরকারের দাবিতে ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল আউয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।
এর প্রতিবাদে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন ও পরে সমাবেশ করে নিউ ইয়র্ক বিএনপি নেতা-কর্মীরা।
নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বেলাল মাহমুদ, কাজী আজম জসীম ভূইয়া, এম এ খালেক আকন্দ, শহিদুল ইসলাম শিকদার, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির মহাসচিব জসীমউদ্দিন, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতা আবু সুফিয়ান প্রমুখ।
তারা সবাই শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
আতিকুর রহমান বলেন, “একদিকে সংলাপের জিগির, অন্যদিকে গ্রেপ্তার-নির্যাতনের ঘটনায় সরকারের স্বৈরাচারী মনোভাবেরই প্রকাশ ঘটেছে।”
এদিকে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদল, নিউ ইয়র্কে বসবাসরত জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন আলাদা বিবৃতিতে বিএনপির শীর্ষনেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
