বিএনপি ফিরলে সন্ত্রাস হবে নতুন পদ্ধতিতে: হাসিনা
বিএনপি ক্ষমতায় ফিরলে ‘নতুন পদ্ধতিতে’ সন্ত্রাস হবে দাবি করে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি এলে ‘নতুন ধারার’ সরকার গঠন করবে বলে খালেদা জিয়ার বক্তব্য ধরে বৃহস্পতিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেত্রী বলেছেন, তিনি নাকি সরকারে আসলে ভিন্নভাবে দেশ চালাবেন। এর মানে কী?
“হাওয়া ভবন তো নেই, তিনি ক্ষমতায় এসে নতুন ভবন খুলে নতুন পদ্ধতিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা ও ধর্ষণের রাজত্ব কায়েম করবেন।”
বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক সব কাজ বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা।
বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে তিনি বলেন, “আমি নিজে তাকে ফোন করে বললাম, আসেন আমরা সংলাপে বসি। কত অনুরোধ করলাম।
হরতালে সহিংসতার জন্য বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, “একটা শিশুর কী অপরাধ? হরতালকারীরা ২০ জন মানুষকে পুড়িয়ে মারল, তাদের কী অপরাধ ছিল? তাদের মৃত্যুর দায় আপনাকেই (খালেদা জিয়া) নিতে হবে।”
“তিনি শুধু লাশ পছন্দ করেন। আর এ জন্যই স্বাধীনতার শত্রু খুনী ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান।”
‘যে কোনো মূল্যে’ যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করার বিষযে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন শেখ হাসিনা।
বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
