২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিঠির জবাব না দিলেও বিএনপি ‘শেষ মুহূর্ত’ পর্যন্ত সমঝোতার ‘আশায় থাকবে’ বলে জানিয়েছেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংকট নিরসনে সংলাপে বসতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আমি চিঠি দিয়েছি। জবাব মেলেনি। তারপরও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকব- সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা সংলাপের পথে ফিরে আসবে।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার থেকে এই হরতাল করছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে তার অধীনেই দশম জাতীয় সংসদ নির্বাচন হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, সরকার মানুষের ‘আস্থা হারিয়ে’ এখন জনগণকে নানাভাবে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছে।

“আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে তারা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এসব বিভ্রান্তি ও অপ্রচারের কাজ হবে না।”

মির্জা ফখরুল ইসলামসহ দলের কয়েকজন নেতা হরতালের মধ্যে গত দুইদিন ধরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। কার্যালয়ের বাইরে অবস্থান করছে বিপুল সংখ্যাক পুলিশ ও র‌্যাব। 

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছি। সংকট নিরসনে সমঝোতা ও সংলাপের কথা বার বার বলে আসছি। এখন নির্বাচন মাস। তাই দাবি না মানলে হরতাল দেয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই।”

নির্দলীয় সরকারে রাজি না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে ‘বাধ্য করা হবে’ বলেও তিনি উল্লেখ করেন।

‘বিদ্রোহে ইন্ধন’

মঙ্গলবার পিলখানা হত্যা মামলার রায় ঘোষণার পর সিএনএনএর একটি প্রতিবেদনের বরাত দিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন,  শেখ হাসিনার সরকার উৎখাত করতেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, বিএনপি ও জামায়াত ২০০৯ সালে বিডিআর সদর সপ্তরে ওই বিদ্রোহে ইন্ধন জোগায়।

এই অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “সিএনএন আই রিপোর্ট কখনো সিএনএনের রিপোর্ট নয়। সিএনএনের পাঠকরা তাদের মতামত পোস্ট করতে পারেন। লেখক কে এম সালাম গত ২৯ অক্টোবর যে লেখাটি পোস্ট করেছেন, তাকে সরকার সিএনএনের রিপোর্ট বলে মিথ্যাচার করেছে।’’

মির্জা ফখরুলের দাবি,  বিডিআর বিদ্রোহ ঘটনার পর দেশি-বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের ‘গুরুত্বপূর্ণ’ নেতাদের নিয়েই খবর বেরিয়েছিল।

ভারতের আনন্দবাজার পত্রিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আইএসআইকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা কোনোমতেই সর্বদলীয় সরকারের যাব না। নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে নির্বাচনেও আমরা অংশ নেব না।”

হরতালে বিরোধী দল মানুষ হত্যা করছে- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ করে ফখরুল বলেন, “হরতালে পুলিশের গুলিতেই মানুষ মারা যাচ্ছে। সরকার জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এভাবে তারা টিকে থাকতে পারবে না।”

পুরনো খবর:

নীতি-নির্ধারকদের বৈঠকে ডেকেছেন খালেদা
বিরোধী দলের পরবর্তী কর্মসূচি ‘শিগগিরই’
পিলখানার মূল হোতাদের ব্যবস্থা ভবিষ্যতে: আইন প্রতিমন্ত্রী