২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজি চালালে সংলাপ হতে পারে না: নাসিম

সংলাপ চাইলে বিরোধী দলকে সংঘাতের কর্মসূচি ছেড়ে আসতে বলেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 12:23 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যেতে আওয়ামী লীগ প্রস্তুত। জনগণ নির্বাচন, শান্তি ও সংলাপ চায় ।

“তবে এক দিকে গুলি চলবে, লাশ পড়বে, বোমাবাজি চলবে আর মন্দিরে হামলা চলবে, এই পরিস্থিতিতে সংলাপ হতে পারে না।”

নাসিম নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ উপস্থিত ছিলেন।

Image
মোহাম্মদ নাসিম, ফাইল ছবি

মোহাম্মদ নাসিম, ফাইল ছবি

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু জনগণকে ‘জিম্মি’ করে আন্দোলন না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশে তিনি বলেন, “আজকে তারা টানা হরতাল দিচ্ছেন। এতে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। দেশের মানুষকে জিম্মি করে দাবি আদায় করা যাবে না।

“মানুষকে শান্তি দিতে চাইলে আন্দোলন বন্ধ করে আলোচনায় বসতে হবে। হরতাল নৈরাজ্য বন্ধ করে নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসুন।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, “খালেদা জিয়া যা বলেন, তার বাহিনী তার উল্টোটা করে। বেগম জিয়া বলেছেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন করবেন না। অথচ তার সাথীরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে। পাবনার সাঁথিয়ায় তা আমরা দেখেছি। কিভাবে সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির-ভাঙচুর করা হয়েছে।”