নির্বাচন বানচালে মরিয়া বিএনপি-জামাত: মেনন
প্রধান বিরোধী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় বলে তারা সংলাপে বসতে চাচ্ছে না বলে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, “কোনো ছাড় দিয়েই তাদের সংলাপ-নির্বাচনে আনা যাচ্ছে না।”
শনিবার মতিঝিল থানা আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিকদলের এই নেতা।
ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মেনন বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সংঘটিত প্রতিবিপ্লবের ধারায় বর্তমান সরকারকে উৎখাত করে দেশকে দুর্নীতি, দুঃশাসন ও জঙ্গিবাদের ধারায় ফিরিয়ে নিতে জোর অপতৎপরতা চলছে।
“সেই লক্ষ্যেই দশম জাতীয় সংসদের নির্বাচন বানচাল করার মরিয়া প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপি-জামাত।”
ফাইল ছবি
এবারের নির্বাচনকে ‘বাংলাদেশের অস্তিত্ব নির্ধারণী’ হিসেবে ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকতে পারবে কিনা এবারের নির্বাচনে তা আরেকবার নির্ধারিত হবে। তাই নির্বাচনকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন।”
ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি গোলাম আশরাফ তালুকদার।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি মুকুল চৌধুরী, নগর কমিটির সদস্য কামাল চৌধুরী ও মতিঝিল থানার সহসভাপতি মীজানুর রহমান প্রমুখ।
