দাবি না মানলে আন্দোলনও স্থগিত নয়: মওদুদ
নির্দলীয় সরকার না মানা পর্যন্ত আন্দোলনের কর্মসূচি শিথিল বা স্থগিত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “সংকট নিরসনে সংলাপ চলতে পারে। তবে একই সঙ্গে আন্দোলনের কর্মসূচিও অব্যাহত থাকবে। যতোদিন নির্দলীয় সরকারের দাবি না মানা হবে, ততোদিন পর্যন্ত আন্দোলনের কোনো কর্মসূচি শিথিল ও স্থগিত করা হবে না।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধীদলের আন্দোলনে মানুষ ‘স্বতস্ফূর্তভাবে’ রাস্তায় নেমে আসছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, “যত দুঃখ-কষ্টই হোক, এই সরকারকে হটাতে দেশের মানুষ সব ত্যাগ স্বীকার করতে আজ প্রস্তুত হয়ে আছে।”
নির্দলীয় সরকারের দাবিতে গত ২৭ অক্টোবর ভোর ৬টা থেকে সারাদেশে ৬০ ঘণ্টার হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, যাতে বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়।
এরপর বৃহস্পতিবার ১৮ দলীয় জোট সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে। শনিবারও উপজেলা পর্যায়ে তাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।
শনিবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখান থেকে জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
স্বদেশ গণজাগরণ পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, “আমরাই সারাজীবন দেশ পরিচালনা করব- এই মানসিকতা থেকে সরকার ইচ্ছাকৃতভাবে বর্তমান সংকট তৈরি করেছে। নিজেদের অধীনে একতরফাভাবে নির্বাচন করতে একটি বিশেষ কমিটি করে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিলের জন্য পঞ্চদশ সংশোধনী করেছে।’’
তার দাবি, গত পাঁচ বছরের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি মানুষের আর আস্থা নেই। দেশের ৯০ শতাংশ মানুষ এ সরকারের পরিবর্তন চায়। নিদর্লীয় সরকারের দাবি এখন গণদাবি হয়ে উঠেছে।
“নির্দলীয় সরকারের ব্যবস্থা কেবল বাংলাদেশেই নয়। ইতালি ও গ্রিসেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। পাকিস্তানে আইন পরিবর্তন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তাই বাংলাদেশে ছাড়া অন্যকোথাও নির্দলীয় সরকার ব্যবস্থা নেই- সরকারের এ বক্তব্য সঠিক নয়।”
১৮ দলীয় জোট কেনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আবারো উল্লেখ করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ ও তল্পিবাহক’ প্রতিষ্ঠান আখ্যায়িত করে মওদুদ বলেন, “সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদের ৯০ দিন আগে নির্বাচন প্রক্রিয়া শুরু করার দায়িত্ব নির্বাচন কমিশনকে দেয়া আছে। কিন্তু তারা তা না করে সরকারের দিকে তাকিয়ে আছে।”
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হলে বর্তমান নির্বাচন কমিশন থাকবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন বলেন, “বিরোধী দলীয় নেতার সঙ্গে টেলিফোন আলাপ সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অনেক অপমান সহ্য করেছেন। আমি বলব, আপনি অনেক পরাজয় সহ্য করেছেন। কারণ এই কথোপকথন সরকার প্রচার করে পরাজিত হয়েছে।”
তার ভাষায়, নির্দলীয় সরকারের দাবি না মানলে আওয়ামী লীগই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
মওদুদ আহমদ নতুন দল করছেন- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “বিএনপির যে কজন জীবিত প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন, তাদের মধ্যে আমি অন্যতম। আমার সর্ম্পকে আজ এসব যারা বলেন, তারা সরকারের দালাল।”
“আলোচনার নামে বিভ্রান্তি ও গণতান্ত্রিক শক্তির দায়িত্ব’ শীর্ষক এই আলোচনা সভায় স্বদেশ গণজাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার বক্তব্য দেন।
