সিরাজগঞ্জ, চট্টগ্রামে জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৬
নাশকতা, পুলিশের ওপর হামলা, তাদের কাজে বাধা দেয়ার কয়েকটি মামলায় সিরাজগঞ্জে জামায়াতের এক নেতা ও চট্টগ্রামে এক শিবির নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার বাসিন্দা আব্দুস সালাম (৬০) জেলা জামায়াতের রোকন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, শুক্রবার ভোরে অভিযান চালিয়ে সালামকে নিজ নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
“তার নামে নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলাসহ ৭/৮টি মামলা রয়েছে।”
এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার, আবদুল লতিফ হাট ও শাহ আমানত ব্রীজ এলাকায় বৃহস্পতিবার রাতভর অভিয়ান চালিয়ে এক শিবিরকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, গিয়াস উদ্দিন (৩৪), ইসমাইল (২২), আইয়ূব (৪০), হুমায়ন কবির (২০), নটু কান্তি দে (৩৫)।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও অস্ত্র আইনে করা বিভিন্ন মামলায় রাতে আবদুল লতিফ হাটে অভিযান চালিয়ে শিবিরকর্মী গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এছাড় কালামিয়া বাজার থেকে দুটি চোরাই সিএনজি অটো রিক্সাসহ ইসমাইল ও আইয়ূবকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া শাহ আমানত ব্রীজ এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ হুমায়ন ও নটুকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মহসিন।
