২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জামায়াত-বিএনপির মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে জামায়াত-বিএনপির কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 01:31 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

অবরোধ ও ভাংচুরের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শুক্রবার সকালে উপজেলার সিরাজ ভূঁইয়া সড়কের মাথায় অবরোধ দেয় বলে জানান সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এসআই কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-বিএনপির কর্মীরা সকাল থেকে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর শুরু করে। অন্তত দুটি বাস ও সাতটি ট্রাক তাদের ভাংচুরের শিকার হয়।

এসআই কামাল জানান, সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান বদলে অবরোধের চেষ্টা করে জামায়াত-বিএনপি কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

অবরোধ ও ভাংচুরের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে সহিংসতার মামলায় বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা গাড়ি ভাংচুর করেছে বলে ধারণা করছে পুলিশ।