২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ১৩ জন গ্রেপ্তার

লালমনিরহাটে জেলা তাঁতীদলের সভাপতিসহ ১৮ দলীয় জোটের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার ভোরে আদিতমারী, পাটগ্রাম ও সদর উপজেলায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, বিএনপি-জামায়াতের ডাকা ষাট ঘণ্টা হরতালের সময় জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, দোকান ভাংচুর ও লুটপাটসহ বিভিন্ন সহিংসতার অভিযোগে পাটগ্রাম, আদিতমারী, হাতীবান্ধা ও সদর উপজেলায় কয়েকটি মামলা হয়েছে।

সেসব মামলায় সদর থেকে জেলা তাঁতীদল সভাপতি মোজাম্মেল হক, যুবদল নেতা হুমায়ুন কবীর ও নয়ন, আদিতমারী থেকে বিএনপি কর্মী এনতাজুল হক মুন্না ও রুপম এলাহী সাব্বির এবং পাটগ্রাম থেকে পাঁচ বিএনপি ও  তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এসপি আরো জানান, গ্রেপ্তারদের লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করার পর জেল হাজতে পাঠানো হয়।