নির্বাচন শেখ হাসিনার অধীনেই: ইঞ্জিনিয়ার মোশাররফ
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, হরতাল-নৈরাজ্য করে দাবি আদায় করা যাবে না। শেখ হাসিনার অধীনে মন্ত্রিসভা গঠন করে নির্বাচন হবে।
“ম্যাডাম খালেদা জিয়া, যতই আন্দোলন করুন না কেন জানি আপনিও তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনার অধীনে আপনাকেও নির্বাচনে আসতে হবে।”
সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন বানচাল, জঙ্গিবাদ প্রসার ও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র হচ্ছে।
“অনেকে হুমকি দিচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কেউ আন্দোলন ব্যাহত করার চেষ্টা করলেই আমরা মাঠে নেমে রুখে দাঁড়াব।”
সাবেক মেয়র বলেন, অন্তর্বর্তী সরকার হবে সর্বদলীয়। সে সরকার হবে রাজাকার-আলবদর আর জঙ্গি ছাড়া। বিএনপি সে সরকারের কত লোক দেবে তা আলোচনার মাধ্যমে সমাধান করুন।
“প্রশ্ন হল সে সরকারের প্রধান কে হবেন? আমাদের পক্ষ থেকে দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সে সরকারের প্রধান হবেন।”
সমাবেশে জাসদ নেতা সাংসদ মঈনুদ্দিন খান বাদল বলেন, হরতালে যে ১৮ জন মারা গেল তার দায় কে নেবে?
“আজ হোক কাল হোক ১৮ জন হত্যার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হবে। সে মামলা আপনাকে মোকাবিলা করতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, রেজাউল করিম চৌধুরী, মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
