২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা যাবেন না, তার কাছেই আসতে হবে’

আন্দোলনের মাধ্যমে দাবি মেনে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সমঝোতা করতে সরকারকে বাধ্য করার হুমকি দিয়েছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামে ১৮ দলের সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, “খালেদা জিয়া গণভবনে যাবেন না। বিএনপি এমন পরিস্থিতি সৃষ্টি করবে, যাতে গণভবন ছেড়ে শেখ হাসিনাকে খালেদার জিয়ার কাছে যেতে হয়।”

নিদর্লীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপির চেয়ারপারসনকে টেলিফোন করে প্রধানমন্ত্রী আলোচনার আমন্ত্রণ জানালেও তিনি হরতালের পর তা গ্রহণ করতে রাজি আছেন বলে জানান।

দ্বিতীয় দফা উদ্যোগ নেয়ার ক্ষেত্রে এক দল এখন আরেক দলকে বলে আসছে। আওয়ামী লীগের বক্তব্য, প্রথম দফা প্রধানমন্ত্রী টেলিফোন করায় এখন উদ্যোগ নিতে চাইলে তা বিরোধীদলীয় নেতাকে নিতে হবে।

সরকারে  আলোচনার প্রস্তাবে ‘বিভ্রান্ত’ না হতে দলীয় প্রধানের প্রতি আহ্বান জানিয়ে মীর নাছির বলেন, “আপনি নির্বাচনের রূপরেখা ঠিক করুন। আলোচনার নামে কোনো ধরনের এজেন্ডা রাখবেন না।”

বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে এই সমাবেশে নগর জামায়াতের আমির, সাংসদ আ ন ম শামসুল ইসলাম বলেন, “সংলাপ নিয়ে নাটক হচ্ছে।”

আগামী সপ্তাহে আরো কঠোর কর্মসূচি আসছে বলেও জানান তিনি।

সমাবেশ থেকে শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে তিন দিনের হরতালে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার ঘোষণা দেয়া হয়।  

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ।