টুকুকে পুনরায় রিমান্ডে পায়নি পুলিশ
হেফাজতকাণ্ডের তিন মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েও পায়নি পুলিশ।
পুলিশ হত্যাচেষ্টার মামলায় টুকুকে ছয় দিন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাকে ঢাকার হাকিম আদালতে নেয় পুলিশ।
আদালতে পুলিশ গত ৫ মে হেফাজতে ইসলামের সহিংসতার তিন মামলায় জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হলে হাকিম এরফানউল্লাহ তা নাকচ করে দেন।
ছাত্রদলের সাবেক সভাপতি জামিনের আবেদন করলে তাও নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
নয়া পল্টনে খালেদা জিয়ার গাড়িবহর থেকে গত ২২ অক্টোবর টুকুকে গ্রেপ্তার করে পুলিশ। টুকুকে বহনকারী গাড়িটি পুলিশের ওপর তুলে দেয়া হয়েছিল অভিযোগ করে মামলা করা হয়।
এরপর হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় টুকু অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বৃহস্পতিবার আদালতে আনা হয়েছিল বলে তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জানান।
