ছাত্রদলকর্মীদের ছাদ থেকে ‘ফেলে দিয়েছে’ ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাদ থেকে পড়ে আহত হয়েছেন ছাত্রদলের ছয় কর্মী।
ছাত্রদল বলছে, ছাত্রলীগকর্মীরা তাদের ফেলে দিয়েছে। অন্যদিকে ছাত্রলীগের দাবি, বোমা ফাটিয়ে পালানোর সময় পড়ে গেছে ওই ছয়জন।
বুধবার রাতে ওই ছাত্রদলকর্মী ছাদ থেকে পড়ে যাওয়ার আগে ওই হলের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছিল বলে শিক্ষার্থীরা জানায়।
আহতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ওবায়েদুল হক, সংস্কৃত ও পালি বিভাগের শামীম আহমদ, ম্যানেজমেন্ট স্টাডিজের সাজ্জাদ, রাষ্ট্রবিজ্ঞানের রুবেল, শিক্ষা ও গবেষণা (আইইআর) অনুষদের মামুন এবং কবির। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু সাংবাদিকদের বলেছেন, মধ্যরাতে তার সংগঠনের ওই কর্মীদের পিটিয়ে ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগকর্মীরা।
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের এস এম হল শাখার সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে লাফ দিলে আহত হয় এরা।
এ বিষয়ে কোনো অভিযোগ কিংবা তথ্য পাননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
তবে রাত ১২টার দিকে এসএম হলের সামনে কয়েকদফা হাতবোমা বিস্ফোরণের খবর পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
ছাত্রলীগ নেতা মেহেদী দাবি করেন, তার কক্ষের সামনেও হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।
ছাত্রদলকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
