‘ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আলোচনা হবে না’
কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারি দলকে আলোচনায় বসানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় তিনি সাংবাদিকদের বলেন, “কোনো অন্যায় দাবি আমাদেরকে দিয়ে গ্রহণ করানো যাবে না।”
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো সময়ে যে কারো সঙ্গে তারা (আওয়ামী লীগ) আলোচনায় বসতে উদগীব বলে জানান দলের এই জ্যেষ্ঠ নেতা।
“কিন্তু কোনো আলোচনা কোনো ভীতিকর পরিবেশে অনুষ্ঠিত হবে- এটা আমাদের কাম্য নয়। আলোচনায় গণতান্ত্রিক দল হিসেবে আমরা ভীত নই,” বলেন তিনি।
এর আগে মন্ত্রী কচুয়া উপজেলার সাচার প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
