আইন ভেঙে ফোনালাপ প্রকাশ: মওদুদ
দুই নেত্রীর টেলি কথোপকথন গণমাধ্যমে প্রকাশের জন্য সরকারকে দায়ী করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এর মধ্য দিয়ে তথ্য-প্রযুক্তি আইন ভঙ্গ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই প্রচার তথ্য ও প্রযুক্তি আইনের ৬৩ ধারার পরিপন্থী। এভাবে কোনো টেলিফোন আলাপ রেকর্ড করা ওই ধারা অনুযায়ী আইনবিরোধী।”
দুই পক্ষের সম্মতি ছাড়া ওই কথোপকথন প্রকাশ ‘নৈতিকতার মানদণ্ডেও’ অনুচিৎ হয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার থেকে ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর শনিবার তার সঙ্গে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রীর।
ওই কথোপকথনে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি গণভবনে আমন্ত্রণ জানালেও বিরোধী দলীয় নেতা তাকে বলেন, হরতালের পরই তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন।
৩৭ মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে বেশকিছু বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দুই নেত্রীর মধ্যে।
পুরো কথোপকথনের অডিও টেপ গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় ওঠে।
ওই টেপ প্রকাশের জন্য বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সরকারকে দায়ী করলেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তা অস্বীকার করেন।
তবে প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, ওই কথোপকথনের পুরোটাই মানুষের জানা উচিৎ।
মওদুদ বলেন, “আমি মনে করি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার টেলিফোন আলাপ প্রচার করাটা বেআইনি হয়েছে। ওই টেলিফোনের কথা-বার্তাকে যদি আমরা বির্তক ধরে নেই, তাতেও বেগম খালেদা জিয়া অনেক পয়েন্টে বিজয়ী হয়েছেন।
যারা প্রধানমন্ত্রীকে টেলিফোন আলাপটি ‘প্রচারের পরামর্শ দিয়েছেন’ তাদের কৌশলে উল্টো ফল হয়েছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “তাতে বেগম জিয়ার জনপ্রিয়তা আরো বেড়েছে।”
মওদুদের ভাষায়, ওই কথোপকথন শুনলেই ‘বোঝা যায়’, প্রধামন্ত্রী সমঝোতা কিংবা সংলাপের জন্য বিরোধী দলীয় নেতাকে টেলিফোন করেননি; তা ছিল ‘লোকদেখানো’।
“মোবাইল টেলিফোনে আলাপের পর শুনেছি- এখন বিরোধী দলীয় নেতার লাল টেলিফোন ঠিক করা হয়েছে। কিন্তু ডায়রেক্টরি দেয়া হয়নি। তাহলে বিরোধীদলীয় নেতা এই টেলিফোনে কার সঙ্গে কথা বলবেন।”
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রসঙ্গে মওদুদ বলেন, “দাওয়াত বিরোধীদলীয় নেতা প্রত্যাখান করেননি। সংলাপের দরজা এখনো খোলা আছে।”
তবে সরকারকেই এ সংলাপের উদ্যোগ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
“আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানাবেন। ওই আমন্ত্রণে আমরা যাব। একই সঙ্গে সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান না হলে রাজপথেই এর ফয়সালা করা হবে।’’
এই আলোচনা সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনেরও সমালোচনা করেন মওদুদ।
তিনি বলেন, “একদলীয় নির্বাচনের জন্য সরকার আরপিওতে সংশোধনী এনেছে। আইনে রাজনৈতিক দলের মনোনয়ন পেতে তিন বছরের যে বাধ্যবাধকা ছিলো, ওই আদেশে তা তুলে দেয়া হয়েছে।
“এর ফলে ক্ষমতাসীনরা একদিকে প্রচুর অর্থ সম্পদ ও কালো টাকার মালিকদের নির্বাচনে মনোনয়ন দেবে। অন্যদিকে দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করবে।”
সরকার ‘সংকীর্ণ স্বার্থে রাজনীতিকে কুলষিত করতে’ এই সংশোধনীর এনেছে বলেও মন্তব্য মওদুদের।
তিনি বলেন, “তারা রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে রাখতে চাচ্ছে না। কমিটমেন্টহীন কালো টাকার মানুষদের রাজনীতিতে অনুপ্রবেশ করাচ্ছে।”
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে সদ্য এই আলোচনা সভা হয়। গত শনিবার ভোরে ধানমন্ডির একটি হাসপাতালে ৭৪ বছর কয়সে মারা যান গিয়াস কামাল চৌধুরী।
বক্তব্যের শুরুতে গিয়াস কামাল চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জানান মওদুদ।
সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মিয়া মোহাম্মদ আনোয়ার আলোচনা সভায় বক্তব্য দেন।
